সামিট গ্রুপের আজিজ পরিবারের সম্পদ বিবরণী চেয়েছে দুদক

সামিট গ্রুপের আজিজ পরিবারের সম্পদ বিবরণী চেয়েছে দুদক
সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান, তার স্ত্রী ও মেয়ের সম্পদ বিবরণী জমা দিতে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন রোববার কমিশনের সদর দপ্তরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

দুদক কর্মকর্তারা জানান, তারা মোহাম্মদ আজিজ খান, তার স্ত্রী ও মেয়ের নামে কয়েকশ কোটি টাকার সম্পদের বিষয়ে তথ্য চেয়েছেন। যেগুলোতে অর্জিত সম্পদের সঙ্গে ঘোষিত আয় এর মধ্যে বড় অমিল পাওয়া গেছে।

অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানের নামে ৩৩০ কোটি ৯৩ লাখ ৫০ হাজার ১০৯ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। তবে তার নামে কোনো স্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়নি এবং কোনো দায়-দেনাও নেই। আয়কর নথি পর্যালোচনায় দেখা যায়, তিনি সেখানে স্থাবর সম্পদের কোনো তথ্য উল্লেখ করেননি, যা অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, তার প্রদর্শিত সম্পদের পরিমাণ আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে অর্থ পাচারের মাধ্যমে তিনি সম্পদের মালিক হয়েছেন বলে প্রতীয়মান হয়।

আরও পড়ুন

এ ছাড়া তার স্ত্রী আঞ্জুমান আজিজ খানের নামে ১ কোটি ৫৭ লাখ ৩৮ হাজার ৩৯২ টাকার স্থাবর এবং ৯১ কোটি ৫ লাখ ৩৯ হাজার ৬৮৭ টাকার অস্থাবরসহ মোট ৯২ কোটি ৬২ লাখ ৭৮ হাজার ৭৯ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। আয়কর নথিতে প্রদর্শিত স্থাবর সম্পদের মূল্য প্রকৃত মূল্যের তুলনায় কম বলে অনুসন্ধানে উঠে আসে এবং এসব সম্পদও তার আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করা হয়।

অপরদিকে, তাদের কন্যা আয়েশা আজিজ খন্দকারের নামে ৭ কোটি ৬৬ লাখ ১৩ হাজার ৪৪৭ টাকার স্থাবর এবং ২৭৯ কোটি ৭৭ লাখ ৯ হাজার ৫১৭ টাকার অস্থাবরসহ মোট ২৮৭ কোটি ৪৩ লাখ ২২ হাজার ৯৬৪ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। আয়কর নথিতে প্রদর্শিত সম্পদের মূল্য প্রকৃত মূল্যের তুলনায় কম এবং আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ অবস্থায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী মোহাম্মদ আজিজ খান, আঞ্জুমান আজিজ খান ও আয়েশা আজিজ খন্দকারের বিরুদ্ধে আলাদা আলাদা তিনটি সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে কমিশন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর