সমন্বয়হীনতায় লাইনচ্যুত কর্ণফুলী কমিউটার, বরখাস্ত প্রকৌশলী

সমন্বয়হীনতায় লাইনচ্যুত কর্ণফুলী কমিউটার, বরখাস্ত প্রকৌশলী
লাইনচ্যুত ট্রেন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ চারটি কোচ লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট উপসহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে লাঙ্গলকোট-লাকসাম রেলসেকশনের ১২২/৭-৮ কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে কোনো যাত্রী হতাহত হননি।

বাংলাদেশ রেলওয়ের গণসংযোগ শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কন্ট্রোল রুমকে না জানিয়ে দুর্ঘটনাস্থলে রেললাইন খুলে মেরামতের কাজ চলছিল। স্টেশন মাস্টার ও ট্রেনচালকও এ বিষয়ে অবগত ছিলেন না। ফলে স্বাভাবিক গতিতে চলা ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে চালক জরুরি ব্রেক করেও দুর্ঘটনা এড়াতে পারেননি।

দুর্ঘটনায় আপ লাইন বন্ধ হয়ে গেছে। তবে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার পরপরই চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। বুধবার রাত ৯টার মধ্যে উদ্ধারকাজ শেষ করার আশা করছে রেলওয়ে।

এ ঘটনায় বিভাগীয় পর্যায়ে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে রেললাইন মেরামতের কাজে সমন্বয়হীনতাকে দুর্ঘটনার কারণ বলে ধারণা করা হচ্ছে। দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট উপসহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে।

যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad