সচিবালয়ে প্রথম কর্মদিবসে ব্যস্ত সময় পাড় করছেন নতুন সরকারের মন্ত্রী- প্রতিমন্ত্রীরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বুধবার সকালে জাতীয় স্মৃতিসৌধ ও জিয়া উদ্যানে শ্রদ্ধা জানানো শেষে দুপুর ১টার দিকে সচিবালয়ে পৌঁছান মন্ত্রিসভার সদস্যরা।
সচিবালয়ে নব নির্বাচিত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন কর্মকর্তা-কর্মচারীরা। প্রত্যেক দপ্তরের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কার্যালয়ও প্রস্তুত করা হয়েছে আগে থেকেই।
বিকাল ৩টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক হওয়ার কথা রয়েছে।
এদিকে নিজ নিজ দপ্তরে যোগ দিয়ে সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দেন বিভিন্ন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকার জনগণের প্রতি দায়বদ্ধ, মূল লক্ষ জনগণের সেবা করা। কাজেই জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে বিএনপি নেতৃত্বাধীন সরকার সর্বোচ্চ চেষ্টা করবে।’
সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া নিতাই রায় চৌধুরী বলেন, ‘ফ্যাসিস্ট সরকার রাষ্ট্র পরিচালনার সব ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। আমরা সেগুলোকে পুনরুদ্ধার করব, এটাই আমাদের চ্যালেঞ্জ।’
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ‘আমার ওপর প্রধানমন্ত্রীর অর্পিতা দায়িত্ব সঠিকভাবে পালন করে যাব।’ সব কিছুর উর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রনালয়ে যোগ দিয়ে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘তারেক রহমানের নির্দেশনা ও প্রতিশ্রুতি অনুযায়ী শিগগিরই কৃষকদের জন্য কৃষিকার্ড বিতরণ শুরু করা হবে।’
তার দায়িত্বে থাকা তিনটি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আগামীদিনের কাজ ও পদ্ধতি নির্ধারণ করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী টুকু।

‘বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, প্রধানমন্ত্রী তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, সেই অনিযায়ী সরকার পরিচালনায় কাজ করব’ বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত প্রথম কর্মদিবসে আশ্বাস দিয়েছেন- বিমানের টিকেট নিয়ে তৈরি হওয়া সিন্ডিকেট ভাঙার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, সে অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে। সেইসঙ্গে বিমানবন্দরে লাগেজ নিয়ে যাত্রীদের ভোগান্তি দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


