মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার বিকাল ৩টার দিকে উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের চা ভাস্কর্য এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হবিগঞ্জ জেলার বাসিন্দা রাকিব (১৮) ও নাইম (১৮)। এই ঘটনায় সাব্বির নামে তাদের আরেক বন্ধু গুরুতর আহত হয়েছেন। তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের বন্ধু রাকিব জানান, তারা দুটি মোটরসাইকেলে করে হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গল আসছিলেন। একটি মোটরসাইকেলে তিনজন ছিলেন। শ্রীমঙ্গলে ঢোকার পথে চা ভাস্কর্যের সামনে হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
সাতগাঁও হাইওয়ে থানার পরিদর্শক মামুন রহমান জানান, বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী মারা গেছেন। বাসটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেওয়ার আবেদন করেছেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।


