গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মনোনীত করায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে এই সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনার দাবি জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার সংগঠনটির প্রচার সম্পাদক কিফায়াতুল্লাহ আজহারীর সই করা এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদের কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তবে দেশের আলেম-উলামা ও তাওহীদি জনতার পক্ষে হেফাজত এই সিদ্ধান্তের কড়া প্রতিবাদ জানাচ্ছে।
হেফজাতে ইসলামের নেতারা স্মরণ করিয়ে দেন যে, এর আগে ‘সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশ’-এর সংবাদ সম্মেলনে স্পষ্ট জানানো হয়েছিল, শামীম কায়সার লিংকনকে এই দায়িত্বে আনা আলেম সমাজ ও সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর প্রত্যাশার পরিপন্থী।
তাদের দাবি, তিনি প্রচলিত পীর-মাশায়েখ, তাবলীগ জামাত এবং ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত চার মাজহাবের চেতনাবিরোধী মতাদর্শ ধারণ করেন।
ধর্ম মন্ত্রণালয়কে একটি সংবেদনশীল ও বিশেষায়িত ক্ষেত্র উল্লেখ করে বিবৃতিতে সতর্ক করা হয়, আলেম সমাজের কাছে গ্রহণযোগ্য কাউকে বাদ দিয়ে এমন বিতর্কিত সিদ্ধান্ত নিলে সরকারের সঙ্গে উলামায়ে কেরামের সুসম্পর্ক ও আস্থায় চির ধরবে।
তাই অবিলম্বে এই নিয়োগ বাতিল করে আলেম-উলামাদের পরামর্শক্রমে একজন যোগ্য, অভিজ্ঞ ও সর্বজনগ্রাহ্য ব্যক্তিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।


