লক্ষ্মীপুর-১: স্বতন্ত্র মাহফুজ, এনসিপির হয়ে লড়বেন ভাই মাহবুব

লক্ষ্মীপুর-১: স্বতন্ত্র মাহফুজ, এনসিপির হয়ে লড়বেন ভাই মাহবুব
মাহফুজ আলম | ফাইল ছবি
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির নেতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তার পক্ষে এই আসন থেকে মনোনয়ন ফরমও সংগ্রহ করা হয়েছে।

অন্যদিকে তার ছোট ভাই মাহবুব আলমও এই আসন থেকে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর তিনি লড়বেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে। তিনি এনসিপির যুগ্ম আহ্বায়ক।

রোববার বিকালে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মাহফুজের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাশিদ বিন এনাম এসব মনোনয়ন সংগ্রহের বিষয় নিশ্চিত করেছেন।

এর আগে রোববার রাতে নিজের ফেসবুকে দেওয়া পোস্টে মাহফুজ জানান, জামায়াতে ইসলামী ও এনসিপির নির্বাচনীয় সমঝোতার আওতায় তাকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি এই এনসিপির অংশ হতে রাজি নন।

আরও পড়ুন

জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির নেতা হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা তিন ছাত্রনেতার একজন ছিলেন মাহফুজ আলম। অভ্যুত্থানের নেতৃত্বে থাকা তরুণদের সংগঠন এনসিপি ও নাগরিক কমিটিতে তার উল্লেখযোগ্য প্রভাব ছিল।

তবে চলতি মাসের শুরুতে উপদেষ্টা পরিষদ ছাড়ার পর তিনি এনসিপি থেকে নির্বাচনে প্রার্থী হবেন কি না–এ নিয়ে জল্পনা চলছিল।

জামায়াতের সঙ্গে এনসিপির রাজনৈতিক যুক্ততা চূড়ান্ত হওয়ার পর এবার তিনি দলটির সঙ্গে আর যুক্ত না থাকার সিদ্ধান্ত স্পষ্ট করলেন।

অবশ্য তিনি ‘এই এনসিপি’র সঙ্গে যুক্ত না হলেও তার ছোট ভাই ঠিকই এনসিপির প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেবেন। ভাইয়ের এই অবস্থানের বিষয়ে মাহফুজ আলমের বক্তব্য জানা যায়নি।

মাহফুজ আলম ও মাহবুব আলমের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়। তাদের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লা রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad