রাজশাহী থেকে নাটোর হয়ে বাস চলাচল বন্ধ

রাজশাহী থেকে নাটোর হয়ে বাস চলাচল বন্ধ
রাজশাহীতে বাস ধর্মঘট। ফাইল ছবি: টাইমস
Advertisement
Advertisement

বাস মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধের জেরে রাজশাহী থেকে নাটোর হয়ে আন্তঃজেলা ও দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এ অচলাবস্থায় শনিবার সকালেও বাস চলাচল স্বাভাবিক হয়নি। ফলে রাজশাহী বাস টার্মিনালে এসে বিপাকে পড়েছেন যাত্রীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দর্শনার উদ্দেশে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া রাব্বি পরিবহনের একটি বাস নাটোরে আটকে দেন সেখানকার মালিক-শ্রমিকরা। পরে বাসটির যাত্রীদের নামিয়ে তুহিন পরিবহনের একটি বাসে তুলে দর্শনার উদ্দেশে পাঠানো হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই জেলার পরিবহন মালিক-শ্রমিকদের মধ্যে বিরোধ তীব্র হয়।

নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ গণমাধ্যমকে বলেন, রাব্বি পরিবহনের একটি বাস কোনো ধরনের অনুমতি ছাড়াই নাটোরে প্রবেশ করায় নাটোরের মালিক-শ্রমিকরা সেটি রাজশাহীতে ফেরত পাঠিয়ে দেন। পরে নাটোরের ছয়-সাতটি বাস রাজশাহীতে আটকে দেওয়া হয়। এ ঘটনার জেরে নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

এদিকে, ঘটনার পর রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন ও সড়ক পরিবহন গ্রুপের পক্ষ থেকে নাটোরের তুহিন পরিবহনের তিনটি বাস আটক করা হয়। পরে নাটোরে আটক থাকা রাব্বি পরিবহনের বাসটি ছেড়ে দেওয়া হলে রাজশাহীতে আটক তুহিন পরিবহনের তিনটি বাসও ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন

তবে এর মধ্যেই বিরোধের জেরে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও সড়ক পরিবহন গ্রুপ রাজশাহী থেকে সব আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়। এতে নাটোর হয়ে চলাচলকারী বিভিন্ন রুটের বাসের পাশাপাশি দূরপাল্লার যাত্রী পরিবহনও ব্যাহত হচ্ছে।

রাজশাহী থেকে নাটোর হয়ে রংপুর বিভাগের বিভিন্ন জেলা ছাড়াও ঢাকা ও দেশের অন্যান্য গন্তব্যে নিয়মিত বাস চলাচল করে। ফলে হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় এসব রুটের যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। অনেকে বাস ছাড়ার আশায় টার্মিনালের কাউন্টারে অপেক্ষা করলেও কখন পরিস্থিতি স্বাভাবিক হবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারছেন না পরিবহন সংশ্লিষ্টরা।

রংপুরগামী এক যাত্রী শফিকুল বলেন, ‘রংপুর যাব। কাউন্টারে এসে বসে আছি। তারা বলছেন, সড়কে সমস্যা হয়েছে, কিছুক্ষণের মধ্যে বাস ছাড়বে। কিন্তু এক ঘণ্টা পার হয়ে গেলেও বাস ছাড়েনি।’

সরেজিমনে গিয়ে দেখা গেছে, অনেকে টার্মিনালে এসে বাস না পেয়ে অপেক্ষা করছেন। আবার কেউ কেউ বাধ্য হয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। এতে অতিরিক্ত সময় ও খরচের পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, শনিবার সকাল থেকে রাজশাহী থেকে নাটোর হয়ে চলাচলকারী আন্তঃজেলা ও দূরপাল্লার সব বাস বন্ধ দেওয়া হয়েছে। মন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করছি। এখনো সমাধান হয়নি। চেষ্টা চলছে।

বিরোধ সমাধানে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ ও নাটোরের পরিবহন মালিকপক্ষের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। আলোচনার মাধ্যমে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। তবে শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত বাস চলাচল স্বাভাবিক হয়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর