রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ মুন্সিরটেক এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন হোটেল কর্মচারী মো. সিয়াম (২২), চা দোকানদার আলমগীর হোসেন (৩২) ও গৃহিণী আশা আক্তার (২৮)।
সিয়াম জানান, তিনি যাত্রাবাড়ীতে থাকেন। সেখানে একটি হোটেলে কাজ করেন। সন্ধ্যায় গেন্ডারিয়ার মুন্সিরটেকে খালুর চায়ের দোকানে গিয়েছিলেন। হঠাৎ রাস্তায় মারামারি শুরু হলে দোকানের শাটার বন্ধ করছিলেন। এ সময় তার ডান কাঁধে গুলি লাগে।
আলমগীরের স্ত্রী জান্নাতি আক্তার জানান, তার স্বামী ওই এলাকায় চায়ের দোকান করেন। সন্ধ্যায় দোকানের সামনে মারামারি ও গোলাগুলি শুরু হয়। তখন দোকানের ভেতরে থাকা অবস্থায় তার কপালের মাঝখানে গুলি লাগে।
আশা আক্তার জানান, তিনি ওই এলাকাতেই থাকেন। সন্ধ্যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় মারামারির মধ্যে পড়ে যান। এতে তার ডান পায়ের ঊরুতে গুলি লাগে। তবে কারা গুলি করছিল, তা তিনি জানেন না।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, তিনজনই জরুরি বিভাগে ভর্তি আছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


