রাঙামাটিতে মাদ্রাসার নামে সওজের জমি দখলের অভিযোগ

রাঙামাটিতে মাদ্রাসার নামে সওজের জমি দখলের অভিযোগ
ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাঙামাটি শহরের ভেদভেদী এলাকায় মাদ্রাসার নামে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সরকারি জমি দখল করে দোকানঘর ও স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে সড়ক বিভাগ। প্রশাসনের বিভিন্ন দপ্তরেও অভিযোগ জানানো হয়েছে।

গত ২৯ অক্টোবর সড়ক বিভাগের সার্ভেয়ার মোহাম্মদ আফজাল হোসাইন রাঙামাটি কোতোয়ালি থানায় জিডিটি করেন। এতে অভিযুক্ত হিসেবে ভেদভেদীর মুসলিম পাড়ার মো. আলা উদ্দীন জয় (৩৫), মো. আবছার (৪০), জসিম খান, অন্ত দাশ ও মো. মিজানের নাম উল্লেখ করা হয়েছে। এ কাজে শহরের বিভিন্ন এলাকার আরও কয়েকজন জড়িত বলে অভিযোগ স্থানীয়দের।

জিডিতে বলা হয়, ভেদভেদী এলাকায় সওজের ফাস্ট লাইন ওয়ার্কশপের অধীন সরকারি জমি কর্মচারীদের আবাসন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ওই জমির একাংশ দখল করে দোকানঘর ও অন্যান্য স্থাপনা নির্মাণ করা হচ্ছে। রাতের আঁধারে নির্মাণকাজ চালানোর অভিযোগও রয়েছে। গত ২৮ অক্টোবর রাতে সওজের স্টাফ কোয়ার্টারে ঢুকে কর্মচারীদের জন্য নির্মিত ব্যারাক ভাঙচুর করা হয়।

সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী রনেন চাকমার অভিযোগ, গত ২৭ অক্টোবর এসডি রাহাদের নেতৃত্বে অবৈধ দখলে বাধা দিতে গেলে কর্মকর্তাদের হুমকি ও হয়রানি করা হয়। সওজের কর্মচারীদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। ঘটনাটি মোবাইলে ধারণ করতে গেলে বাধা দেওয়া হয়।

সরেজমিনে দেখা গেছে, জমির চারপাশে টিনের বেড়া দেওয়া হয়েছে। ভেতরে স্থাপনা নির্মাণের কাজ চলছে। বাইরে মাদ্রাসার কাজ চলছে উল্লেখ করে সাইনবোর্ড টাঙানো হয়েছে। সড়ক বিভাগের কর্মচারীদের পুরোনো আবাসন ভেঙে সেখানে নির্মাণকাজ চালানো হচ্ছে।

সড়ক বিভাগ সূত্রের অভিযোগ, নির্মিত দোকানঘরগুলো সালামির বিনিময়ে ভাড়া দেওয়া হচ্ছে। বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা নিয়ে লাখ লাখ টাকা সংগ্রহ করেছে দখলদার চক্র।

আরও পড়ুন

মুসলিম পাড়া সমাজ পরিচালনা কমিটির উপদেষ্টা মনি স্বপন কামাল অভিযোগ করেন, সড়ক বিভাগের জমি ছাড়াও হ্যাচারি ও বেতার কেন্দ্রের জায়গা দখলের সঙ্গে একটি চক্র জড়িত। চক্রের সদস্য হিসেবে তিনি মোল্লাপাড়ার মো. রুবেল, মুসলিম পাড়ার অন্ত দাশ, আলা উদ্দীন জয় ও রবি আহম্মেদের নাম উল্লেখ করেন।

তার দাবি, চক্রটির বেশির ভাগ সদস্য বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। দলীয় পরিচয় ব্যবহার করে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা দখল করছেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আলা উদ্দীন জয়। তিনি বলেন, জায়গাটি সড়ক বিভাগের সরকারি জমি নয়। মাদ্রাসার নামে সব কাগজপত্র রয়েছে। তিনিই মাদ্রাসার সাইনবোর্ড লাগিয়েছেন। সড়ক বিভাগের এসডি রাহাদ সেটি ভেঙে দিয়েছেন বলে দাবি করেন তিনি।

বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত কি না, জানতে চাইলে জয় নিজের রাজনৈতিক পরিচয় দিতে অনীহা প্রকাশ করেন। তিনি দাবি করেন, জায়গাটিতে অস্ট্রেলিয়ার একটি কোম্পানি কর্মীদের আবাসনের জন্য ভবন নির্মাণ করেছিল। সড়ক বিভাগ সেখানে কোনো আবাসন নির্মাণ করেনি। তবে ওই এলাকায় সড়ক বিভাগের মাত্র ১ দশমিক ৭৫ একর জমি রয়েছে বলেও জানান তিনি।

রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, ভেদভেদী এলাকায় মসজিদের মাদ্রাসার নামে সওজের সরকারি জমি দখলের চেষ্টা চলছে। এ ঘটনায় কর্মচারীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। প্রতিকার চেয়ে থানায় জিডি করা হয়েছে। জোন কমান্ডার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে বিষয়টি জানানো হয়েছে। জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুকেও অবগত করা হয়েছে।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, সড়ক বিভাগের সরকারি জমি দখলের অভিযোগে জিডি হয়েছে। তদন্তের জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি পেলে তদন্ত শুরু হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad