বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের আন্দোলনে উসকানি ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে সহায়তার অভিযোগে তিন শ্রমিক নেতাকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটক শ্রমিক নেতারা হলেন বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শামীম (৪৮), জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হালিম (৩৭) এবং বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সহসাংগঠনিক সম্পাদক মনসুর আলী (৪৬)।

শ্রমিক অসন্তোষের মধ্যে কারখানা ভাঙচুর ও কর্মীদের ওপর হামলার ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় তিনটি মামলা হয়েছে। এ ছাড়া সাভার মডেল থানার ওসির গাড়িতে আগুন দেওয়া এবং ওসিকে পিটিয়ে আহত করার ঘটনায় আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিন মামলায় অজ্ঞাতনামা ২ হাজার ৩০০ জনের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। এসব ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শ্রমিক নেতাদের আটকের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রসহ একাধিক সংগঠন। আটক নেতাদের মুক্তি দাবি করে সংগঠনগুলোর নেতারা বলেন, শ্রমিকদের দাবি নিয়ে সংলাপের পথে না গিয়ে গ্রেপ্তার, হামলা ও মামলা কোনো সমাধান নয়। এ ধরনের পদক্ষেপ শ্রমিকদের আরও উসকে দিতে পারে। শ্রমিক ও তাদের নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের উদ্যোগ নেওয়া উচিত।

আরও পড়ুন

আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, দুটি কারখানা কর্তৃপক্ষের করা মামলায় অজ্ঞাতনামা ৮০০ থেকে ১ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এসব ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, একটি কারখানায় ভাঙচুর ও কর্মীদের মারধরের ঘটনায় করা মামলায় অজ্ঞাতনামা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া তেঁতুলঝোড়া এলাকায় সড়কের পাশে পার্কিং করা একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় অজ্ঞাতনামা ৬০ থেকে ৭০ জনকে আসামি করে আরেকটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতাকারীরা বাসটিতে আগুন দিয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি সাইদুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যায় আশুলিয়ার জিরাবো ও সোনিয়া মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তিন শ্রমিক নেতাকে আটক করা হয়। শ্রমিক আন্দোলনে উসকানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করা এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডে সহায়তার বিষয়ে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ন্যূনতম মজুরি বৃদ্ধি ও কালো তালিকাভুক্তি বন্ধসহ বিভিন্ন দাবিতে কয়েক দিন ধরে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ, কর্মবিরতি ও সংঘর্ষ চলছে। এর জেরে বিভিন্ন কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে বুধবার তেঁতুলঝোড়ায় পদ্মার মোড়ে পুলিশের গাড়িতে আগুন দেওয়া এবং সাভার মডেল থানার ওসি সাইফুল আলমসহ পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় মামলা প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি সাইফুল আলম।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad