বাংলা নববর্ষে ব্যতিক্রমী আয়োজন করেছে রংপুর জেলা পরিষদ। পান্তা-ইলিশ ও রঙিন উৎসবের আয়োজন না করে সেই অর্থ দিয়ে দুঃস্থ মানুষের জন্য খাবার বিতরণ করেছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার দুপুরে ডিসি অফিস চত্বরে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রশাসক সাইফুল ইসলাম।
পরে নগরীর মডার্ন মোড়, ডিসির মোড়, সাতমাথা, স্টেশনসহ বিভিন্ন ভাসমান ও বস্তি এলাকায় রান্না করা খাবার বিতরণ করা হয়। নগরীতে দেড় হাজার এবং আট উপজেলায় ৫০০ জন করে মোট ৪ হাজার মানুষের মাঝে এই খাদ্য বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম বলেন, বর্ষবরণের দিনে উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত–সবার ঘরেই কমবেশি ভালো খাবার থাকে। কিন্তু ভাসমান দুঃস্থরা সেই সুযোগ থেকে বঞ্চিত হন। তাদের জন্য রান্না করা খাবার পরিবেশনের এই উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য জেলা পরিষদের বর্ণিল আয়োজন কমিয়ে আনা হয়েছে।
তিনি আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে অন্তত ৫ হাজার দুঃস্থ মানুষকে নববর্ষের আনন্দে শামিল করা সম্ভব হয়েছে। পাশাপাশি তিনি সবাইকে নিজ নিজ এলাকার দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।


