মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৪১ কেজি ওজনের একটি বিশাল বাঘাইড় মাছ। বিপন্ন প্রজাতির এই মাছটি পরে ৫৩ হাজার টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে যমুনার বুকে মাছ ধরছিলেন কয়েকজন জেলে। তাদের জালেই ৪১ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছটি ধরা পড়ে।
সকালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া চর বাজারে জেলেরা মাছটি নিয়ে আসেন। এ সময় মাছটি দেখতে সেখানে ভিড় করেন স্থানীয় মানুষ।
বাজারের হোটেল ব্যবসায়ী মোহাম্মদ রহিজুল জানান, মো. আসিফ মিয়া, মো. ওহাব মোল্লা ও মো. মতিন শেখ যমুনা নদী থেকে মাছটি ধরেন। পরে বাঘুটিয়া চর এলাকার সৌদি প্রবাসী মো. জাকির হোসাইন মাছটি কিনে নেন।
মাছটির ওজন ৪১ কেজি। প্রতি কেজি এক হাজার ৩০০ টাকা হিসেবে এর দাম দাঁড়ায় প্রায় ৫৩ হাজার ৩০০ টাকা। শেষ পর্যন্ত মাছটি ৫৩ হাজার টাকায় বিক্রি হয়।
তবে, বাঘাইড় এখন বিপন্ন প্রজাতির মাছ হওয়ায় এটি ধরা ও বিক্রি নিষিদ্ধ।
দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্বী বলেন, বন অধিদপ্তরের পক্ষ থেকে বাঘাইড় মাছ বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।
এ ব্যাপারে মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির বলেন, বাঘাইড় মাছ ধরা পড়ার তথ্য তার কাছে নেই। বন অধিদপ্তর বাঘাইড় মাছকে বিপন্ন ঘোষণা করেছে। এ মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। আমরাও জেলেদের বাঘাইড় ধরতে নিষেধ করি।


