মালয়েশিয়ার সঙ্গে ৫ সমঝোতা স্মারক সই ও ৩ ‘নোট অব এক্সচেঞ্জ’ বিনিময়

মালয়েশিয়ার সঙ্গে ৫ সমঝোতা স্মারক সই ও ৩ ‘নোট অব এক্সচেঞ্জ’ বিনিময়
জ্বালানি, প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও মালয়েশিয়া পাঁচটি সমঝোতা স্মারক সই ও তিনটি ‘নোট অব এক্সচেঞ্জ’ বিনিময়। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
Advertisement
Advertisement

জ্বালানি, প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও মালয়েশিয়া পাঁচটি সমঝোতা স্মারক সই ও তিনটি ‘নোট অব এক্সচেঞ্জ’ বিনিময় করেছে। মঙ্গলবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় এ নোট বিনিময় হয়।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সমঝোতা স্মারক সই ও নোট বিনিময়ের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উচ্চশিক্ষা খাতে সহযোগিতা সংক্রান্ত বিষয়ে প্রথম নোট বিনিময় হয়। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান এবং বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা  আসিফ নজরুল নিজ নিজ দেশের পক্ষে নোট বিনিময় করেন।

দ্বিতীয় নোটটি ছিল কূটনীতিকদের প্রশিক্ষণ-সংক্রান্ত, যা বিনিময় করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

হালাল ইকোসিস্টেম খাতে সহযোগিতার বিষয়ে তৃতীয় নোট বিনিময় হয়। এটি বিনিময় হয় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের উপমন্ত্রী সিনেটর জুলকিফলি বিন হাসান এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের মধ্যে।

আরও পড়ুন

প্রথম সমঝোতা স্মারকটি ছিল প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে। তাতে সই করেন মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ খালেদ বিন নর্দিন এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ও অবকাঠামো, পেট্রোলিয়াম পণ্য ও সংশ্লিষ্ট অবকাঠামো খাতে সহযোগিতা নিয়ে দ্বিতীয় সমঝোতা স্মারক সই হয়। এতে সই করেন মালয়েশিয়ার ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী আমির হামজা বিন আজিজান এবং বাংলাদেশের পক্ষে জ্বালানি উপদেষ্টা এম ফৌজুল কবির খান।

তৃতীয় সমঝোতা স্মারক সই হয় মালয়েশিয়ার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (আইএসআইএস) ও বাংলাদেশের বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মধ্যে সহযোগিতা নিয়ে।

এতে সই করেন আইএসআইএস মালয়েশিয়ার চেয়ারম্যান দাতুক মোহদ ফায়েজ আবদুল্লাহ এবং মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।

চতুর্থ সমঝোতা স্মারকটি ছিল চিপ নির্মাণ প্রতিষ্ঠান মিমোস (এমআইএমওএস) এবং বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) মধ্যে সহযোগিতা-সংক্রান্ত। এতে সই করেন মিমোসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফাউজি ইয়াহায়া এবং বিএমসিসিআইয়ের সভাপতি শাব্বির আহমেদ খান।

এ ছাড়া মালয়েশিয়ার ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআইএম) এবং বাংলাদেশের ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) মধ্যে সহযোগিতা নিয়ে পঞ্চম সমঝোতা স্মারকটি সই হয়। এতে সই করেন এনসিসিআইএমের সভাপতি এন গোবালাকৃষ্ণন এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad