অ্যাক্সিলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (অ্যাসেট) প্রকল্পের সহযোগিতায় ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের (নিপোর্ট) অধীনে পরিচালিত কেয়ারগিভিং প্রশিক্ষণ বাস্তবায়নে করণীয় বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার আজিমপুরে ইনস্টিটিউটের প্রধান কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কর্মশালায় উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মো. আক্কাস আলী, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক ইশরাত জামান, প্রকল্প পরিচালক সামসুর রহমান খান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দা নওশীন পর্ণিনী এবং বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ আতিয়া হোসাইন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধীন পরিচালিত ১৪টি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র ও ২১টি আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় স্বল্পমেয়াদি প্রশিক্ষণ পরিচালনা, আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় কার্যক্রম, তথ্য ব্যবস্থাপনা, যোগাযোগ, জেন্ডার, পরিবেশ এবং তদারকি ও মূল্যায়ন বিষয়ে দিনব্যাপী আলোচনা ও বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রকল্পের সহযোগিতায় এসব প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে তিন মাস মেয়াদি কেয়ারগিভিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।


