বাজারে চালসহ সব ধরণের দ্রব্যমূল্য স্থিতিশীল আছে বলে জানিয়েছেন খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট দেশের মানুষের জীবনমান উন্নয়ন এবং টেকসই উন্নয়নের ভিত্তি সুদৃঢ় করার লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে বলেও জানান তিনি।
শনিবার জাতীয় সংসদে জাতীয় বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে খাদ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আগে ব্যাংক ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল। এটাকে ঠিক করা হচ্ছে। জ্বালানি নিয়ে সংকটে ছিলাম। এই জন্য দীর্ঘ মেয়াদী সংরক্ষণে নজর দিয়েছি।’
গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করা হয়েছে জানিয়েছে তিনি বলেন, ‘গ্রামীণ অর্থনীতি যত দৃঢ় হবে ততোই মূল্যস্ফীতি কমবে। বর্তমানে দ্রব্যমূল্য স্থিতিশীল আছে।’
‘হঠাৎ করে বলা হলো চালের দাম বেড়ে গেছে। আমরা বাজারে দেখলাম চালের দাম স্থিতিশীল। দেশেই আঙ্গুর, স্ট্রবেরি, অ্যাভোকাডো চাষ হচ্ছে। মানুষকে কাজ করার সুযোগ দিলে দেশ আরও উন্নত হবে’, যোগ করেন আব্দুল বারী।
সুশাসন প্রসঙ্গে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘কথা আসছে সুশাসন নিয়ে। সব নিয়োগ পদায়নে সততা, দক্ষতা ও মেধার ওপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। মেধাবী সৎ দক্ষ প্রশাসন ছাড়া এই বাজেট বাস্তবায়ন সম্ভব নয়।’
‘গত ১৭ বছরে প্রশাসনিক ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘এটা থেকে উত্তরণে আমরা কাজ করছি। বাজেটের একটা টাকাও যেন অপচয় না হয় সেই বিষয়ে দেখা হচ্ছে। বাজেটের টাকা সঠিকভাবে ব্যবহার হলে কর্মসংস্থান ও দেশে আয় বাড়বে। এর ফলে আমরা উন্নত দেশ হিসেবে এগিয়ে যেতে পারব।’


