জন্মদিনের আনন্দে ভক্তদের জন্য একের পর এক চমক নিয়ে হাজির বলিউড বাদশাহ শাহরুখ খান। ৬১তম জন্মদিনের প্রথম প্রহরেই প্রকাশ্যে এসেছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল জায়ে’। রোমান্টিক এই গানে শাহরুখের সঙ্গে আছেন দীপিকা পাড়ুকোন। আর গানটিতে বিশেষ চমক হিসেবে যুক্ত হয়েছেন ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান।
শচীন-জিগার জুটির সুর ও সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচী। মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই ইউটিউবে ১৫ লাখের বেশিবার দেখা হয়েছে গানের ভিডিও।
গানটিতে বিদেশের মনোরম সব লোকেশনে দেখা গেছে শাহরুখ ও দীপিকাকে। দুজনের রসায়ন, রোমান্টিক মুহূর্ত আর ছন্দময় নাচে জমে উঠেছে পুরো আয়োজন। তবে শুধু প্রেম নয়, গানের দৃশ্যজুড়ে রয়েছে রক্তপাত, সংঘর্ষ ও স্টাইলিশ অ্যাকশনের ঝলক। তাতে সিনেমার মূল গল্পের রহস্যময় এক মিশনেরও ইঙ্গিত মিলেছে।
‘পাঠান’ ও ‘জওয়ান’-এর পর আবারও শাহরুখ-দীপিকার জুটি দেখে নস্টালজিক হয়েছেন তাদের ভক্তরা।
পরিচালক সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় নির্মিত হচ্ছে ‘কিং’। এতে শাহরুখ ও দীপিকার সঙ্গে আরও থাকছে শাহরুখকন্যা সুহানা খান, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখার্জি, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি ও অভয় ভার্মা। এ ছাড়া বিশেষ একটি নাচের গানে দেখা যাবে কারিনা কাপুরকে।
আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কিং’। জন্মদিনে মান্নাতের সামনে ভক্তদের সঙ্গে নিয়মিত দেখা করার আয়োজন থেকে কাজের ব্যস্ততায় বিরত থাকলেও সিনেমার প্রথম গান প্রকাশের মধ্য দিয়ে তাদের জন্য বড় উপহারই দিলেন শাহরুখ।


