ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন দুই সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন-২৩ থেকে নির্বাচিত এলিজা জামান। মঙ্গলবার দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে শপথ অনুষ্ঠান আয়োজনের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে বিজয়ী হন। পরে ৩১ অক্টোবর মির্জা ফয়সল আমীনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় আসনটি শূন্য হয়। মির্জা ফয়সল আমীন তার ভাই।
অন্যদিকে, সংরক্ষিত নারী আসন-২৩ থেকে বিএনপির মনোনীত প্রার্থী এলিজা জামানকে সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন।
এর আগে গত ১ অক্টোবর ওই আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেন।
ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ উঠলে প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি পদত্যাগ করেন। তার পদত্যাগের পর আসনটি শূন্য ঘোষণা করে ১২ অক্টোবর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ২৬ অক্টোবর মনোনয়নপত্র জমা দেন এলিজা জামান। তিনি ছাড়া অন্য কোনো প্রার্থী না থাকায় মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষে সোমবার তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।


