পুলিশের ছয়জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে চারজন অতিরিক্ত পুলিশ সুপার ও দুজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
শনিবার পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খানের সই করা এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল-বেরুনীকে খুলনা থেকে পুলিশ হেডকোয়ার্টার্সে, মো. হান্নানুল ইসলামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) থেকে শিল্পাঞ্চল পুলিশে, ফারজানা ইমরোজকে পিবিআই থেকে ট্যুরিস্ট পুলিশে এবং মোহাম্মদ তয়াছির জাহান বাবুকে এপিবিএন থেকে পিটিসি খুলনায় বদলি করা হয়েছে।
এ ছাড়া সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলমকে লক্ষ্মীপুরের রামগতি সার্কেল থেকে রাজশাহীর গোদাগাড়ী সার্কেলে এবং মো. আলী আর্শাদকে এসআরবি থেকে পুলিশ স্টাফ কলেজ ঢাকায় বদলি করা হয়েছে।
বদলিকৃত কর্মকর্তাদের আগামী ১ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে বলা হয়েছে। অন্যথায় আগামী ১০ নভেম্বর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।


