বিমানবন্দর সড়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে গাড়ির চালক কনস্টেবল মো. এনামুলের বাঁ চোখে আঘাত লেগেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে আর্মি গলফ ক্লাবের কাছে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, বনানীর দিক থেকে কুড়িল বিশ্বরোডের দিকে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের একটি বহর যাচ্ছিল। এ সময় বহর থেকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছিল। বহরটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মোটরসাইকেলের বহর থেকে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে।
বিস্ফোরণে গাড়ির চালক কনস্টেবল এনামুলের বাঁ চোখে আঘাত লাগে। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে পরে তাকে আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।
হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। একই সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ


