বাংলাদেশে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি চালু না থাকায় বিগত দিনগুলোতে আওয়ামী লীগ, বিএনপি জাতীয় পার্টি নির্বাচনে কালো টাকার বাণিজ্য করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, এ কারণে রাজনীতি থেকে হারিয়ে গেছে সৎ ব্যক্তিরা।
শুক্রবার বিকালে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে মহানগর ও জেলা আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
জামায়াত নেতা বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে, যাতে প্রতিটি দলের প্রাপ্ত ভোট অনুযায়ী সংসদে সকল দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। পাশাপাশি ফ্যাসিবাদি হয়ে উঠার সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়।’
গোলাম পরওয়ার বলেন, ‘বিএনপি পিআর পদ্ধতি মানতে চায় না। একই প্রধানমন্ত্রী ১০ বছরের বেশি থাকতে পারবে না এটা বিএনপি মানতে পারে না। আসলে পিআর পদ্ধতি যারা চায় না, তারাই কোটি কোটি কালো টাকার মনোনয়ন বাণিজ্য করে। কারণ পিআর পদ্ধতি চালু হলে কালো টাকা, পেশি শক্তি, কোটি টাকা দিয়ে মনোনয়ন বাণিজ্য বন্ধ হয়ে যায়।’

‘গায়ের জোরে দেশ শাসন করার দিন শেষ হয়ে গেছে। গুরুত্বপূর্ণ সংস্কারগুলো বাস্তবায়ন না করে যদি বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে নির্বাচন হয় তাহলে আবারও হাসিনার জন্ম হবে, আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে। বাংলার মানুষটা হতে দিবে না। জুলাই সনদকে আইনি ভিত্তিতে দিতে হবে। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে,’ যোগ করেন তিনি।
জামায়াতের সেক্রেটারি বলেন, ‘জুলাই জাতীয় সনদে উল্লিখিত রূপরেখার ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।’
‘ফ্যাসিস্ট হাসিনা সরকারের সকল জুলুম-নির্যাতন, গুম-খুন, গণহত্যা, লুটপাটসহ সব ধরনের দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে। একই সঙ্গে স্বৈরাচারী শক্তির দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এ দাবিগুলো এখন দেশের জনগণের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। তাই কালবিলম্ব না করে অতিদ্রুত জনগণের দাবি বাস্তবায়ন করতে হবে,’ বলেন তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন- জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এটিএম আজহারুল ইসলাম, রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-৩ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল প্রমুখ।


