ফেনীর ফুলগাজীতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের সাবেক অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আবদুল বাকেরের ভাড়া বাসা থেকে সরকারি ত্রাণের বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ফুলগাজী বাজার এলাকার দক্ষিণ শ্রীপুরে ওই বাসায় অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ শ্রীপুরের একটি ভবনে অভিযান চালানো হয়। আবদুল বাকেরের বাসা থেকে ১০ বস্তা ত্রাণসামগ্রী ও তিন বস্তা শুকনা খাবারের প্যাকেট জব্দ করা হয়।
উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ৩০০ কেজি চাল, ৩২ লিটার সয়াবিন তেল, ৩০ কেজি লবণ, ৩০ কেজি চিনি ও ৩৩ কেজি মসুর ডাল। এ ছাড়া ২০০ গ্রাম করে ৩০ প্যাকেট হলুদের গুঁড়া, ১০০ গ্রাম করে ৩২ প্যাকেট মরিচের গুঁড়া ও ৩১ প্যাকেট ধনিয়ার গুঁড়া পাওয়া গেছে।
আবদুল বাকের ২০২৪ সালে ফুলগাজীতে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলায় কর্মরত। তাঁর পরিবার ফুলগাজীতেই বসবাস করে।
ফুলগাজী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আহমেদ বলেন, উদ্ধার করা মালামালগুলো থানা হেফাজতে রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাউসার হামিদ বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। উদ্ধার করা পণ্যগুলো ২০২৪-২৫ সালের বন্যায় ক্ষতিগ্রস্তদের দেওয়ার জন্য বরাদ্দ করা হয়েছিল।


