পারিবারিক ব্যবসাবিষয়ক গবেষণায় বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। জার্মানির অলাভজনক প্রতিষ্ঠান উইফু ফাউন্ডেশন প্রকাশিত প্রথম ‘ফ্যামিলি বিজনেস রিসার্চ ইনডেক্স টুয়েন্টি টুয়েন্টি সিক্স’-এ বিশ্বের ২ হাজার ৩৪৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৭৪তম হয়েছে বিশ্ববিদ্যালয়টি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পারিবারিক ব্যবসাবিষয়ক গবেষণায় বিশ্ববিদ্যালয়গুলোর অবদান মূল্যায়নে এ সূচক তৈরি করা হয়েছে। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিন বছরে ওপেনঅ্যালেক্সে সূচিবদ্ধ গবেষণা প্রকাশনার ভিত্তিতে এ র্যাঙ্কিং করা হয়। এতে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণাকর্ম ও সংশ্লিষ্ট জার্নালের অবস্থান বিবেচনায় নেওয়া হয়েছে।
ওপেনঅ্যালেক্স বিশ্বব্যাপী গবেষণা প্রকাশনা ও সংশ্লিষ্ট তথ্যের একটি উন্মুক্ত, বিনামূল্যের তথ্যভান্ডার ও নলেজ গ্রাফ। উইফু ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, র্যাঙ্কিংবিহীন জার্নালে প্রকাশিত গবেষণাপত্রের জন্য শূন্য স্কোর নির্ধারণ করা হয়েছে।
এ অর্জনে সন্তোষ প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘পারিবারিক ব্যবসা গবেষণায় বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থান পাওয়া নিঃসন্দেহে আনন্দের ও গর্বের বিষয়। এ স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের গবেষণাকর্মে আরও উৎসাহ জোগাবে।’
তিনি বলেন, ‘গবেষণার গুণগত মান বৃদ্ধি, আন্তর্জাতিক মানের গবেষণা প্রবন্ধ প্রকাশ ও নতুন জ্ঞান সৃষ্টির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বদরবারে আরও মর্যাদাপূর্ণ অবস্থানে নিতে চাই। এ লক্ষ্য অর্জনে গবেষকদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি ও গবেষণার পরিধি সম্প্রসারণে গুরুত্ব দিয়ে কাজ করব।’
উল্লেখ্য, উইফু ফাউন্ডেশন ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়। জার্মানির উইটেন শহরে প্রতিষ্ঠানটির সদর দপ্তর অবস্থিত। পারিবারিক ব্যবসা, উদ্যোক্তা পরিবার ও পারিবারিক ব্যবসার দীর্ঘমেয়াদি উন্নয়ন নিয়ে গবেষণা, শিক্ষা ও জ্ঞান বিনিময়ে কাজ করে প্রতিষ্ঠানটি।


