রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিলুপ্ত প্রজাতির সাড়ে ১৪ কেজি ওজনের একটি ঢাই মাছ।
মঙ্গলবার সকালে দৌলতদিয়া মৎস্য আড়তে উন্মুক্ত নিলামে উঠলে মাছটি দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ৫৯ হাজার ৪৫০ টাকা দিয়ে কিনে নেন। এ সময় মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো জাফরগঞ্জের জেলে সুনাই হালদার মধ্যরাতে তার ইঞ্জিনচালিত ট্রলার ও তার সহযোগীদের নিয়ে পদ্মা নদীর উজানে মাছ ধরতে যান। ভোররাতে জাল তুলতেই দেখতে পান বড় একটি ঢাই মাছ ধরা পড়েছে।
সাড়ে ১৪ কেজি ওজনের ঢাই মাছটি সকালে দৌলতদিয়া আনো খাঁর মৎস্য আড়তে নিয়ে এলে উন্মুক্ত নিলামে উঠলে চান্দু মোল্লা প্রতি কেজি ৪ হাজার ১০০ টাকা দরে কিনে নিয়ে ফেরিঘাটে তার আড়তে নিয়ে আসেন।
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, ‘মাছটি আমি ৫৯ হাজার ৪৫০ টাকায় কিনে নিই। এখন বিক্রয়ের জন্য আমি দেশের বিভিন্ন প্রান্তে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করছি। মাছটি কিনতে পেরে আমার ভালো লাগছে। মাছটি প্রতি কেজি ১০০ টাকা লাভে বিক্রি করে দেব।’


