নোয়াখালীর বেগমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা ও গুলির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় মঙ্গলবার রাতে বেগমগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করেছে। সকালে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুজ্জামান। আটকরা হলেন, ইসরাফিল, মজিব উল্যাহ ও মোবারক হোসেন।
এর আগে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের লাকুড়িয়াকান্দি পাটোয়ারী বাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাড়ির মজিব উল্যাহ ও শরিফ উল্যাহর মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিরোধ চলছিল। স্থানীয় প্রতিনিধিরা বিষয়টি সমাধানের চেষ্টা করলেও কোনো সমাধান হয়নি। গতকাল দুপুরে দুই পক্ষের বাকবিতণ্ডার একপর্যায়ে তারা বাইরে থেকে কিছু সশস্ত্র লোক নিয়ে সেখানে আসেন।
বাদী রিপন জানায়, ‘দীর্ঘদিন ধরে আমার চাচাদের সাথে যায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আমার চাচা মজিব উল্যাহ গতকাল বিরোধের সময় লোকজন নিয়ে গুলি করে হামলা চালায়।’
অভিযুক্তরা হামলা চালিয়ে প্রতিপক্ষের বাড়িতে ভাঙচুর করেন। এ সময় তারা ফাঁকা গুলি চালান। তবে এতে কেউ আহত হননি। আমানউল্যাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাহরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুজ্জামান জানান, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জের ধরে এই হামলা হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ ও ভিডিও দেখে জড়িত ব্যক্তিদের মধ্য থেকে তিনজনকে আটক করেছে। এই ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করার প্রস্তুতি চলছে।


