কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চাকমারকুল রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে নিখোঁজ তিন কিশোরকে উখিয়ার জামতলি ১৫ নম্বর আশ্রয়শিবির থেকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬ এপিবিএন)।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে আশ্রয়শিবিরের বাজার এলাকার একটি মসজিদ থেকে তাদের উদ্ধার করা হয়। পরে পরিচয় ও প্রয়োজনীয় তথ্য যাচাই করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উদ্ধার হওয়া কিশোরেরা হলো শফিউল আলম (১৪), মো. আজাদ (১৩) ও মো. আরমান (১২)। তারা টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা।
১৬ এপিবিএন সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে তিন কিশোর আশ্রয়শিবিরের এ-৪ ব্লকের একটি মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর তারা আর ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে রোববার সকাল ৭টার দিকে পরিবারের সদস্যরা বিষয়টি ২১ নম্বর চাকমারকুল এপিবিএন ক্যাম্পকে জানান। পরে তাদের উদ্ধারে অনুসন্ধান শুরু করে পুলিশের একটি বিশেষ দল।
১৬ এপিবিএনের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি কাউছার সিকদার বলেন, ‘নিখোঁজের খবর পাওয়ার পরপরই কিশোরদের উদ্ধারে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ দল কাজ শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার জামতলি ১৫ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাজার এলাকার একটি মসজিদ থেকে তিন কিশোরকে উদ্ধার করা হয়। প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’


