নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টেক্সটাইল মিলে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে ভুলতা গাউছিয়া ঠাকুরবাড়িরটেক এলাকার সিম গ্রুপের টেক্সটাইল মিলে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা হলেন কারখানাটির শ্রমিক ইসমাইল হোসেন (৩০), কামরুল (৫৫), তপন (৩৮) এবং অগ্নিনির্বাপক সুপারভাইজার নাইমুল (৩০)।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধদের মধ্যে ইসমাইলের শরীরের ২০ শতাংশ, কামরুলের ২৫ শতাংশ, তপনের ১২ শতাংশ এবং নাইমুলের ৪২ শতাংশ পুড়ে গেছে। চারজনেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে নাইমুলের অবস্থা আশঙ্কাজনক।
মিলের অগ্নিনির্বাপক কর্মী ফজলে রাব্বি জানান, রাতে হঠাৎ এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরিত হলে তিন শ্রমিক দগ্ধ হন। এ সময় আগুনের অ্যালার্ম বাজলে অগ্নিনির্বাপক সুপারভাইজার নাইমুল আগুন নেভাতে ভেতরে গিয়ে আটকে পড়েন। পরে তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।


