নাটোরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাদী ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার দুপুরে নাটোর আদালত চত্বর এলাকায় এ মারামারির ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নাটোর জেলার লালপুর উপজেলার রামানন্দপুর এলাকায় অবস্থিত ১২ দশমিক ৫ বিঘা জমির মালিকানা ও ভোগদখল নিয়ে নাটোর পৌরসভার কান্দিভিটা এলাকার বাসিন্দা জামিলুর রহমানের সঙ্গে আশরাফুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ জমি নিয়ে নাটোর এডিএম কোর্টে একটি মামলা চলমান রয়েছে।
এদিন মামলার হাজিরা শেষে উভয় পক্ষের লোকজনদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। এতে আদালত চত্বরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে নাটোর জেলা প্রশাসক কার্যালয়ে দায়িত্বরত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে লিটন, জনি ও রানা নামে উভয় পক্ষের তিনজনকে আটক করেছে।
আটক ব্যক্তিরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


