নওগাঁ শহরজুড়ে এআইয়ের চোখ, অপরাধী শনাক্ত হবে মুহূর্তেই

নওগাঁ শহরজুড়ে এআইয়ের চোখ, অপরাধী শনাক্ত হবে মুহূর্তেই
নওগাঁ শহরজুড়ে এআইয়ের চোখ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নওগাঁয় এআই কানেক্টেড ডিজিটাল সার্ভিলেন্স অ্যান্ড সাইবার ল্যাবের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে জেলা পুলিশ সুপারের কার্যলায়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ল্যাবের উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

পরে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে একটি সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আশিক সাঈদ। এ ছাড়া অতিথি হিসেবে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, সিভিল সার্জন আমিনুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নুসহ স্থানীয় সুধী জনরা বক্তব্য রাখেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, শহরের গুরুত্বপূর্ণ ৬৪টি পয়েন্টে বসানো হয়েছে এআই কানেক্টেড ডিজিটাল ক্যামেরা। ২৪ ঘণ্টা মনিটরিং করা হবে এসব ক্যামেরা। এআই বেইজড ফেস ডিটেকশন ও রিকগনিশন সিস্টেম সংযুক্ত এ ক্যামেরা রিয়াল টাইম অ্যালার্ট ও শনাক্তকরণ এবং সন্দেহজনক ব্যক্তিদের দ্রুত ওয়ার্নিং লিস্টে সংরক্ষণ করবে। এ ছাড়া যানবাহনের নম্বর প্লেট শনাক্তকরণ ও রেকর্ড, সন্দেহভাজন চুরি হওয়া গাড়ি ট্রেকিং এবং রিয়েল টাইম ডাটাবেজ ইন্টিগ্রেশনের কাজ করবে এসব ক্যামেরা।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ক্যামেরার মাধ্যমে অপরাধীরা সহজেই শনাক্ত হবে পুলিশের কাছে। কোনো ধরনের অপরাধ করে কেউ আর পার পেয়ে যাবে না। এসব ক্যামেরার ফলে শহরের চিত্র এখন পাল্টে যাবে। পরবর্তী সময়ে আরও ক্যামেরা শহরের বিভিন্ন স্থানে বসানো হবে।

রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আশিক সাঈদ বলেন, বাংলাদেশের মধ্যে প্রথম কোনো জেলা হিসেবে নওগাঁ এআই ক্যামেরার আওতায় এলো। দেশ উন্নত হয়েছে, প্রযুক্তির উন্নয়ন ঘটেছে। পুলিশ এখন আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে অপরাধ দমনে কাজ করতে চায়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, এখন থেকে আমাদের পুরো শহর ক্যামেরার আওতায়। কেউ আর অপরাধ করে পার পাবে না। শহরে ট্রাফিক নিয়ন্ত্রণেও এ ক্যামেরা ভূমিকা পালন করবে। পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। ভবিষ্যতে এ প্রকল্পে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর