প্রথম সন্তান জন্মের পাঁচ বছর না পেরোতেই আবারও মা হতে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী—এমন গুঞ্জন এখন চলচ্চিত্রপাড়ার আলোচনার কেন্দ্রে। যদিও প্রকাশ্যে বিষয়টি অস্বীকারও করছেন না, আবার সরাসরি স্বীকারও করছেন না তিনি। রহস্যময় জবাব আর নীরবতাই এই গুঞ্জনকে আরও জোরালো করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বুবলী বর্তমানে প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। চলতি রোজার শুরুতেই দ্বিতীয় সন্তানের জন্ম দিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। তার প্রথম সন্তানও সেখানে জন্মগ্রহণ করেছিল। এ কারণে আপাতত সিনেমার কাজ থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন এই অভিনেত্রী। অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার দ্বিতীয় লটের শুটিংয়ে সিডিউল দিচ্ছেন না তিনি। প্রযোজনা সূত্র জানায়, বুবলীকে ছাড়াই সিনেমার বাকি অংশের শুটিং এগিয়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
সাম্প্রতিক বিভিন্ন অনুষ্ঠানে বুবলীর পোশাক ও চলাফেরায় বেবিবাম্প চোখে পড়েছে বলে দাবি করছেন অনেকে। তার একাধিক ঘনিষ্ঠজন ও সহশিল্পীও বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বুবলী বরাবরের মতোই নীরব। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
জানা গেছে, গত বছর সন্তান বীরকে কেন্দ্র করে শাকিব খান ও বুবলির মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। এছাড়া শাকিব খান বিবাহ বিচ্ছেদের দাবি করলেও দুজনের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, এখনও বিচ্ছেদ হয়নি।
শাকিব খানও এ প্রসঙ্গে চুপ। তিনি বর্তমানে ব্যস্ত রয়েছেন ঈদের ছবি ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ নিয়ে। তিনি এ ব্যাপারে তার কাছের মানুষদের কাছেও খুব একটা মুখ খুলছেন না। তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কিনা জানা যায়নি, তবে তিনি এ সপ্তাহে প্রিন্সের শুটিংয়ে ভারত যাচ্ছেন।
উল্লেখ্য, ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রে প্রথম পুত্রসন্তান শেহজাদ খান বীরের জন্ম দেন বুবলী। তখনও দীর্ঘ সময় আড়ালে থেকে নানা গুঞ্জনের জন্ম দিয়েছিলেন তিনি। এবারও সেই চেনা পথেই হাঁটছেন এই অভিনেত্রী। বর্তমানে বুবলীর ‘পিনিক’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে, আর সর্বশেষ তাকে দেখা গেছে ‘জংলি’ সিনেমায়।


