দেশ পরিচালনায় সঠিক পরিকল্পনা না থাকলে তা জনগণের কাছে স্বীকার করে বিরোধী দলের সঙ্গে আলোচনায় বসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, বিরোধী দলের সমর্থন ছাড়া একা দেশ চালানো সম্ভব নয়—সরকারকে এই বাস্তবতা মেনে নিতে হবে।
শনিবার চট্টগ্রামের লালদিঘি মাঠে ১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সমাপনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, ‘স্বৈরাচারের রেখে যাওয়া সমস্যার সমাধান যদি আপনি করতে না পারেন, তবে সেটি প্রথমে সবার আগে জনগণের কাছে স্বীকার করুন। স্বীকার করুন যে, এই সমস্যার সমাধান আপনার একার পক্ষে সম্ভব নয়। স্বীকার করুন যে, আপনার কাছে দেশকে নেতৃত্ব দেওয়ার মতো কোনো সঠিক পরিকল্পনা নেই।’
তিনি বলেন, ‘অবিলম্বে বিরোধী দলের সঙ্গে আলোচনায় বসুন। বিরোধী দল সমর্থন না দিলে এই দেশ আপনার পক্ষে একা চালানো সম্ভব নয়—এই বাস্তবতা মেনে নিন।’
পতিত স্বৈরাচার প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা পতিত স্বৈরাচারকে ফিরে আসার কোনো পথ করে দিচ্ছি না, বরং আপনারাই সেই পথ করে দিচ্ছেন। কারণ জনগণকে আপনারা সমস্যার সমাধান দিতে পারছেন না এবং তাদের হক আপনারা আদায় করতে পারছেন না। এর ফলে জনগণ বিকল্প খুঁজছে এবং সেই বিকল্প শক্তি কারা, তা আজকের এই লংমার্চে বাংলাদেশের জনগণ দেখেছে।’
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি আরও বলেন, বিএনপির সংরক্ষিত মহিলা এমপিদের দায়িত্ব দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছেন এবং দেশের অন্য সব প্রতিষ্ঠানের মতো এই সংসদকেও একদলীয় প্রতিষ্ঠানে পরিণত করে সংসদীয় স্বৈরতন্ত্র কায়েম করেছেন। আর এই সংসদীয় স্বৈরতন্ত্রের মূল হোতা হচ্ছেন চট্টগ্রামের সালাউদ্দিন সাহেব, যিনি একাই পুরো সংসদ চালান।
তিনি বলেন, ‘তারেক রহমান সাহেব, আপনি তো নিজে কথা বলা বন্ধ করে দিয়েছেন। কারণ কথা বললে মাঝে মাঝে ভুলভাল বের হয়ে যায়। তাই আপনি সালাউদ্দিন সাহেবকে কথা বলতে দিয়েছেন, কিন্তু সালাউদ্দিন সাহেবের কথা এ দেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।’


