দুর্গাপূজা উপলক্ষে পাঁচ দিনের ছুটির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। একই সঙ্গে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০২৬ সালের ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি থাকবে।
এ ছাড়া ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা থাকবে। দুর্গাপূজা উপলক্ষে আগে ঘোষিত সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের অংশ হিসেবে নতুন এই সূচি নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন-সংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ফলে প্রতিবছর এ দিনটি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালিত হবে।
সরকারের সংশ্লিষ্ট সিদ্ধান্তে বলা হয়েছে, ৭ নভেম্বর উপলক্ষে সাধারণ ছুটি এবং দিবসটির শ্রেণিভুক্তির বিষয়টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন-সংক্রান্ত পরিপত্রে প্রতিফলিত হবে।


