ঢাকার রাস্তায় শৃঙ্খলা ফেরাতে ই-রিকশার নিবন্ধন শুরু ডিএসসিসির

ঢাকার রাস্তায় শৃঙ্খলা ফেরাতে ই-রিকশার নিবন্ধন শুরু ডিএসসিসির
অটোরিকশার নিবন্ধন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ব্যাটারিচালিত ই-রিকশার চলাচলে শৃঙ্খলা ফেরাতে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। তবে নিবন্ধনের জন্য আবেদন করলেই চলাচলের অনুমতি মিলবে না। নির্ধারিত নীতিমালা অনুযায়ী ই-রিকশা প্রস্তুত করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অনুমোদন বা ক্লিয়ারেন্স নিতে হবে। মঙ্গলবার ই-রিকশার নিবন্ধন, চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে এক বক্তব্যে এসব তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম।

তিনি জানান, স্থানীয় সরকার বিভাগ জারিকৃত ‘সিটি কর্পোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’-এর শর্ত পূরণ করে সিটি করপোরেশনে আবেদন জমা দিতে হবে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে নিবন্ধন দেওয়া হবে।

প্রশাসক বলেন, মঙ্গলবার থেকে ই-রিকশার নিবন্ধনের জন্য আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে। তবে এই ফরম চলাচলের অনুমতিপত্র নয়, এটি শুধু নিবন্ধনের আবেদনপত্র। নিবন্ধনের জন্য আবেদনকারীদের নির্ধারিত শর্ত পূরণের পাশাপাশি বুয়েটের ক্লিয়ারেন্স নিতে হবে।

ই-রিকশা ব্যবস্থাপনাকে সুনির্দিষ্ট কাঠামোর আওতায় আনতে নির্ধারিত মডেলের ই-রিকশা তৈরি ও মেরামতের জন্য নির্দিষ্ট ওয়ার্কশপ নির্ধারণের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধে ওয়ার্ড বা থানা পর্যায়ে নির্দিষ্ট চার্জিং স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

ই-রিকশার সংখ্যা ও চলাচল নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকাকে চারটি জোনে ভাগ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ৫ নভেম্বর সিটি করপোরেশন ও বাংলাদেশ পুলিশের যৌথ সভায় জোনের সীমানা এবং অঞ্চলভিত্তিক ই-রিকশার সম্ভাব্য সংখ্যা চূড়ান্ত করা হবে।

আরও পড়ুন

একসঙ্গে সব অটোরিকশা বন্ধ করা সম্ভব নয় উল্লেখ করে আবদুস সালাম বলেন, ধাপে ধাপে ই-রিকশাগুলোকে নিয়ম ও নিবন্ধনের আওতায় আনা হবে। প্রথম পর্যায়ে শর্ত পূরণকারী ৫০০, এক হাজার কিংবা দুই হাজার ই-রিকশাকে পর্যায়ক্রমে নিবন্ধনের অনুমোদন দেওয়া হতে পারে।

ফরম বিতরণ ও সংগ্রহের নিয়ম

ডিএসসিসির বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩ নভেম্বর থেকে প্রতিটি ১০০ টাকা মূল্যে নিবন্ধন আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নগর ভবন ও ডিএসসিসির সব আঞ্চলিক কার্যালয় থেকে ফরম সংগ্রহ করা যাবে। একজন ব্যক্তি সর্বোচ্চ পাঁচটি আবেদন ফরম নিতে পারবেন।

অটোরিকশাকে ঢাকা শহরের অন্যতম প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করে প্রশাসক এ সমস্যা সমাধানে নগরবাসী, রিকশার মালিক ও চালক এবং গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad