ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২৯ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৭ জনে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে তিনজনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।
এ ছাড়া ময়মনসিংহে দুইজন এবং চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন।
নতুন ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৮৩১ জন। এ ছাড়া খুলনায় ২৫৯, চট্টগ্রামে ২৫৭, বরিশালে ২১৩, রাজশাহীতে ১৮৫, ময়মনসিংহে ৯২, রংপুরে ৭৩ এবং সিলেটে ১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৯২৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৩৮৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৬ হাজার ১১৪ জন।


