রাজধানীর শাহবাগে ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
এ সময় তাদের কাছ থেকে খেলনা পিস্তল, ওয়াকিটকি, হাতকড়া ও ডিবি লেখা জ্যাকেট উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন, জুয়েল মৃধা (৩৮), মো. রমিজ তালুকদার (৩৬), জসিম তালুকদার ওরফে রিয়াজ (৪৬), মো. রহমান হাওলাদার (৩৯), মো. বিল্লাল (৩২) ও মো. মারুফ (৩৮)।
ডিবি মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে পুলিশ জানতে পারে, শাহবাগ থানাধীন বারডেম হাসপাতালের বিপরীত পাশে মেট্রোরেল স্টেশনের নিচে কয়েকজন ব্যক্তি ভুয়া ডিবি পুলিশের পোশাক পরে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের থেকে একটি খেলনা পিস্তল, একটি খালি খেলনা ম্যাগাজিন, একটি ওয়াকিটকি, একটি হাতকড়া এবং দুটি ডিবি লেখা জ্যাকেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভুয়া ডিবি পরিচয় ও পোশাক ব্যবহার করে রাজধানীর বিভিন্ন এলাকায় লোকজনকে জিম্মি করে ডাকাতি করে আসার কথা জানিয়েছে।
গ্রেপ্তার ছয়জনকে আদালতে পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


