ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও ভূল্লী উপজেলায় পৃথক দুটি ঘটনায় নদীর পানিতে ডুবে পাঁচ বছর বয়সী তিন শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার রাণীশংকৈল উপজেলার তীরনই নদী ও ভূল্লী উপজেলার ভূল্লী নদীতে এসব দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল গ্রামের জাহানুর ইসলামের ছেলে জাহিদ হাসান ও আবুল কালামের ছেলে কাউসার এবং ভূল্লী উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের বাংরোড এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে হোসাইন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের দিকে জাহিদ হাসান ও কাউসার তীরনই নদীর পানিতে পড়ে যায়। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। তবে তাদের বাঁচানো সম্ভব হয়নি।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতির জন্য আবেদন করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
একই দিন ভূল্লী উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের বাংরোড (মণ্ডলপাড়া) এলাকায় ভূল্লী নদীতে ডুবে মারা যায় হোসাইন।
ভূল্লী থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, ‘নদীর পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’


