এবার অন্যতম ঘনিষ্ঠ প্রতিবেশী কিউবার দিকে কথার বান ছুঁড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিকে ‘একেবারে ব্যর্থ রাষ্ট্র’ বলে মন্তব্য করেছেন তিনি। নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনে তার এমন মন্তব্যের পরই ওয়াক আউট করে কিউবার প্রতিনিধিরা।
ট্রাম্প দাবি করেন, কিউবার পরিস্থিতিতে ‘মৌলিক পরিবর্তন’ আনার জন্য কাজ করছে তার প্রশাসন। ‘তারা পতনের মুখে পড়বে’ বলেন তিনি।
ট্রাম্প যখন তার বক্তব্য চালিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই কিউবার প্রতিনিধিদল অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যায়।
গত এক বছরে কিউবার কমিউনিস্ট সরকারের সমালোচনায় আরও সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার তিনি বলেন, কিউবা সরকার ‘ব্যাপক চাপের মধ্যে রয়েছে’ এবং ‘আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ব্যর্থ হচ্ছে’।
তবে কিউবায় কী ধরনের পরিবর্তন আনা হবে বলে যুক্তরাষ্ট্র মনে করছে, সে বিষয়ে বিস্তারিত কোনো ধারণা দেয়নি ওয়াশিংটন।
ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ। তিনি মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ‘মিথ্যা তথ্য ছড়ানোর’ অভিযোগ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রদ্রিগেজ লিখেছেন, ‘কিউবা একটি পূর্ণাঙ্গ সার্বভৌম ও স্বাধীন দেশ—যুক্তরাষ্ট্র সরকার এই বাস্তবতা মেনে নিতে অক্ষম।’


