টানা পাঁচ দিন বজ্রসহ ভারী বৃষ্টির আভাস

টানা পাঁচ দিন বজ্রসহ ভারী বৃষ্টির আভাস
ভারী বৃষ্টিতে বাসার বাইরে বের হওয়া খেটে খাওয়া মানুষের দুর্ভোগ। ছবি: শামীম-উস-সালেহীন/ টাইমস
Advertisement
Advertisement

দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি এক বিজ্ঞপ্তিতে জানায়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি শুক্রবার নিম্নচাপে রূপ নেয়। পরে এটি পশ্চিম ও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার সকালে দক্ষিণ উড়িষ্যা-উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে বর্তমানে স্থল নিম্নচাপ আকারে দক্ষিণ উড়িষ্যা ও আশপাশে অবস্থান করছে। তবে এটি ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

এ ছাড়া, মৌসুমী বায়ুর অক্ষ পূর্ব উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, উড়িষ্যা হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর তুলনামূলকভাবে কম সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী ১ অক্টোবরের দিকে উত্তর বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

রোববার সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দুই-এক জায়গায় বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে।

আরও পড়ুন

রোববার সকাল ৯টার পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশালের কয়েকটি স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশালের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। এ সময়ও তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশালের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও সিলেটের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর