জামায়াতে ইসলামীর নেতৃত্বে নির্বাচনী জোটে যোগ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) ও কর্নেল(অব.) অলি আহমদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি(এলডিপি)। রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই জোটে নতুন দুই দল যুক্ত হওয়ার ঘোষণা দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
এর আগে জামায়াতের নেতৃত্বে নির্বাচনী জোট গঠন করে আটটি দল। এই দলগুলো হচ্ছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। এনসিপি ও এলডিপি যোগ দেওয়ায় জোটে দলের সংখ্যা দাঁড়িয়েছে ১০টি।
সংবাদ সম্মেলনে এলডিপির চেয়ারম্যান কর্নেল(অব.) অলি আহমদ উপস্থিত থাকলেও এনসিপির পক্ষে কেউ ছিলেন না। এ বিষয়ে জামায়াত আমির জানান, এনসিপি নিজেরাই সংবাদ সম্মেলন করে জোটের কথা জানাবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আশরাফ আলী আকন, খেলাফত মজলিশের আহমদ আব্দুল বাছেত ও জাগপার রাশেদ প্রধান।


