ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের আওতায় জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের কারণে সাভার, নবীনগর ও আশুলিয়া এলাকার বিস্তীর্ণ অঞ্চলে টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এর আওতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ আশপাশের আবাসিক, বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানগুলোও সাময়িকভাবে গ্যাস সংকটে পড়বে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সূত্রে জানা যায়, আগামী ২৪ শুক্রবার সকাল ৭টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত এই সরবরাহ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে পাইপলাইন স্থানান্তর অত্যন্ত জরুরি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দৈনন্দিন রান্না, আবাসিক কার্যক্রম এবং ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট এলাকাবাসীকে আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে ২০ এপ্রিল প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে এবং গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করে। কাজ শেষ হলে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে বলেও জানানো হয়।


