জাবি শিক্ষার্থীকে ফেলে দেওয়ার অভিযোগে ৬ বাস আটক

জাবি শিক্ষার্থীকে ফেলে দেওয়ার অভিযোগে ৬ বাস আটক
ঠিকানা পরিবহন’-এর বাস আটক করেছেন জাবির শিক্ষার্থীরা। ছবি সংগৃহীত
Advertisement
Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে ‘ঠিকানা পরিবহনের’ ছয়টি বাস আটক করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা–আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মামুন। তিনি সরকার ও রাজনীতি বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী।

তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি বিশমাইল এলাকা থেকে ঠিকানা পরিবহনের একটি বাসে ওঠেন। ডেইরি গেটে নামার সময় বাসের হেলপার তার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেন এবং জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের বাসে না তোলার দাবি করেন। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে আরেক হেলপার তাকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তার হাত ও হাঁটুতে আঘাত লাগে।

ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে ‘ঠিকানা পরিবহনের’ ছয়টি বাস আটক করেন। পরে বাসগুলোর চাবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

চলন্ত বাস থেকে শিক্ষার্থীকে ফেলে দেওয়ার ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় বলে উল্লেখ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম। তিনি জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং অভিযুক্তদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি অভিযোগ করেন, এর আগেও ঠিকানাসহ অন্য পরিবহন কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ না করতে একাধিকবার সতর্ক করা হলেও চালক ও হেলপারদের কোনো পরিবর্তন হয়নি।

এ বিষয়ে ঠিকানা পরিবহনের এক কর্মী জানান, ঘটনার সঙ্গে জড়িত হেলপারকে শনাক্ত করার চেষ্টা চলছে। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad