সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার দেশব্যাপী জন্মাষ্টমী উদযাপনকে কেন্দ্র করে মন্দির, পূজামণ্ডপ, অনুষ্ঠানস্থল ও গুরুত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার র্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানিয়েছে, জন্মাষ্টমীকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে। এজন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে সার্বক্ষণিক কাজ করছে র্যাব।
উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নিয়মিত টহল জোরদারের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। প্রয়োজন অনুযায়ী রিজার্ভ ফোর্সও প্রস্তুত রাখা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকার নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছে। আগাম তথ্য সংগ্রহের জন্য এলাকাভিত্তিক সোর্স ও তথ্যদাতাদের মাধ্যমে গোয়েন্দা কার্যক্রমও জোরদার করা হয়েছে।
জন্মাষ্টমীকে কেন্দ্র করে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ সংগঠন কিংবা রাষ্ট্র ও সরকারবিরোধী কোনো কুচক্রী মহল যাতে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য তাদের গতিবিধির ওপর বিশেষ নজরদারি রাখা হচ্ছে।
এ ছাড়া গুরুত্বপূর্ণ ব্যক্তি, ধর্মীয় নেতা, পুরোহিত ও বিদেশি নাগরিকদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে র্যাব।
জন্মাষ্টমীর শোভাযাত্রাকে কেন্দ্র করেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে। শোভাযাত্রার সামনে-পেছনে এবং ডানে-বামে পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন থাকবে।
এদিকে জন্মাষ্টমী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী তথ্য, গুজব, অপপ্রচার, বিভ্রান্তিকর ও উসকানিমূলক পোস্ট, মন্তব্য বা ছবি শনাক্তে সাইবার পেট্রোলিং বিশেষভাবে জোরদার করা হয়েছে।
র্যাব দেশবাসীকে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে শুভ জন্মাষ্টমী উদযাপনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যক্রম চোখে পড়লে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।


