ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্নাতকদের কর্মসংস্থানের তথ্য সংরক্ষণ ও কর্মক্ষেত্রে তাঁদের সাফল্যের চিত্র তুলে ধরতে পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘Industry-Academia Collaboration: Islamic University Bangladesh Perspective’ শীর্ষক কর্মশালায় এ কথা জানান উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
আইকিউএসি সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ নাজিমুদ্দিনসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সরকারি কর্ম কমিশনসহ (পিএসসি) বিভিন্ন ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসংস্থানের সঠিক তথ্য সংরক্ষণ করা গেলে চাকরির বাজারে ইবির গ্র্যাজুয়েটদের অর্জনের সামগ্রিক চিত্র পাওয়া যাবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করে গড়ে তুলতে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কার্যকর সমন্বয় প্রয়োজন। এ লক্ষ্যে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, গবেষণা ও চাকরির সুযোগ বাড়াতে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগের মাধ্যমে গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের তথ্য সংরক্ষণের পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষা ও গবেষণার সংযোগ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।


