ঝিনাইদহের মহেশপুরে চায়ের দোকানে প্রাইভেট কার ঢুকে গিয়ে দোকানি ইব্রাহীম হোসেন (৭০) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার রাতে উপজেলার শিশুতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ওই দোকানি মারা যান। নিহত ইব্রাহীম হোসেন উপজেলার রাখালভোগা গ্রামের মৃত আলীম উদ্দিনের ছেলে।
আহতরা হলেন- রাখালভোগা গ্রামের বাবলু মন্ডল, ফতেপুর গ্রামের শহিদুল ইসলাম খুদে ও কদমতলা গ্রামের নাসির উদ্দিন।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৮টার দিকে মহেশপুরগামী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে যায়। এ সময় দোকানিসহ চারজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে ইব্রাহীম হোসেন মারা যান।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, চাকা পাংচার হয়ে গেলে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


