চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুরে অটো গ্যারেজের আড়ালে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। অস্ত্র বিক্রির অভিযোগে দুইজনকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কারখানাটির সন্ধান মেলে।
সোমবার দিবাগত রাত ২টার দিকে মনসুরাবাদ কলোনিতে অভিযান চালিয়ে মো. জামাল হোসেন ওরফে জামাল মিস্ত্রি ও মো. কবির আহমদকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, জামাল রাজমিস্ত্রি ও কবির অটোরিকশাচালক। তারা অস্ত্র বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশ জানায়, সদস্যরা ক্রেতা সেজে তাদের সঙ্গে যোগাযোগ করেন। অস্ত্রের ধরন অনুযায়ী ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা দাম চাওয়া হয়। পরে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে সরকারহাট বাজারের উত্তর পাশে একটি অটো ওয়ার্কশপে অস্ত্র তৈরির তথ্য পাওয়া যায়। সেখানে অভিযান চালিয়ে একটি পেনগান, চারটি দেশীয় তৈরি পিস্তল, পেনগানের ১৮ রাউন্ড গুলি ও পিস্তলের দুটি গুলি উদ্ধার করা হয়।
এ ছাড়া ড্রিল মেশিন, লোহা কাটার সরঞ্জাম, হাতুড়িসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
পুলিশের দাবি, গাড়ি মেরামতের আড়ালে ওই ওয়ার্কশপে অস্ত্র তৈরি করা হতো। প্রাথমিক তদন্তে ওসমান নামে এক ব্যক্তি অস্ত্র তৈরি করতেন বলে তথ্য পাওয়া গেছে। ওয়ার্কশপটির মালিক বর্তমানে বিদেশে রয়েছেন।
পুলিশের ধারণা, ওসমানের তৈরি অস্ত্র জামাল ও কবিরের মাধ্যমে বিভিন্ন ক্রেতার কাছে সরবরাহ করা হতো। ওসমানকে গ্রেপ্তারে অভিযান চলছে।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। চক্রটির অন্য সদস্য, অস্ত্রের ক্রেতা ও সরবরাহের বিষয়ে তদন্ত চলছে।


