চট্টগ্রামে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১

চট্টগ্রামে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
রিকশা থামিয়ে ছিনতাইয়ের ভিডিও সামাজিক মাধ্যে ছড়িয়ে পরার পর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: ভিডিও থেকে
Advertisement
Advertisement

চট্টগ্রামের কোতোয়ালী এলাকায় রিকশাযাত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মনির হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছিনতাইয়ের ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মনির হোসেন কুমিল্লার মুরাদনগর থানার মুসাঘাটা এলাকার । বর্তমানে তিনি চট্টগ্রামের বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় থাকেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু যায়েদ মোহাম্মদ নাজমুন নূর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে এখনো অভিযান চলমান থাকায় বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছিনতাইয়ের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। প্রায় এক মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, সড়কে একটি রিকশা থামিয়ে দুই ব্যক্তি ছুরি হাতে এক যাত্রীকে ঘিরে ধরেছেন। একজন ছুরি উঁচিয়ে যাত্রীকে জিম্মি করে রাখেন। আরেকজন তার পকেট থেকে টাকা ও মুঠোফোন বের করার চেষ্টা করেন।

আরও পড়ুন

ভিডিওতে দেখা যায়, ছিনতাইকারীরা যাত্রীর ডান পকেট থেকে কিছু বের করার চেষ্টা করলেও পকেটের ভেতর থেকে তা বের করতে পারছিলেন না। এ সময় আতঙ্কিত ওই যাত্রীকে বলতে শোনা যায়, ‘আরে ভাই, দিতাছি তো।’ একপর্যায়ে ছিনতাইকারীদের একজন যাত্রীর বাম পায়ে ছুরি দিয়ে আঘাত করেন। পরে ধারালো ছুরি দিয়ে তার প্যান্টের পকেট কেটে ফেলেন।

এ সময় অন্য ছিনতাইকারী ছুরি হাতে ওই যাত্রীকে জিম্মি করে রাখেন। পরে তার কাছ থেকে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়।

ছিনতাইয়ের ঘটনা দেখতে পেয়ে আশপাশের ভবন ও সড়কের কয়েকজন বাসিন্দা চিৎকার শুরু করেন। তখন দুই ছিনতাইকারী একটি ব্যাটারিচালিত অটোরিকশায় উঠে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সঙ্গে দাবি করা হয়, শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে। তবে পুলিশ জানিয়েছে, ঘটনার সুনির্দিষ্ট সময় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ বলছে, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ছিনতাইকারীদের শনাক্তে কাজ শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্য ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad