গাজীপুরে এক দিনে ৫ মরদেহ উদ্ধার

গাজীপুরে এক দিনে ৫ মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

গাজীপুরে পৃথক ঘটনায় এক দিনে পাঁচটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে কাপাসিয়ায় ঘাস কাটাকে কেন্দ্র করে নিলয় সরকার নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। কালিয়াকৈরে জঙ্গল থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া কাপাসিয়ায় নিখোঁজের তিন দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে পাঁচ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। কালিয়াকৈরে বংশাই নদ থেকে ছয় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। একই দিন মৌচাক রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক বাক্‌প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল থেকে দুপুরের মধ্যে কাপাসিয়া ও কালিয়াকৈরের পৃথক স্থান থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।

ঘাস কাটাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

কাপাসিয়ার পাবুর দক্ষিণপাড়া বলখেলা বাজার এলাকায় গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাই রাসেলের সঙ্গে বিরোধের জেরে নিলয় সরকারকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

নিলয় ওই এলাকার মনির সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলা ১১টার দিকে বাজারে ঘাস কাটাকে কেন্দ্র করে নিলয় ও রাসেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বাড়ি ফেরার পথে নিলয়ের ওপর হামলা করা হয় বলে অভিযোগ।

স্থানীয়রা জানান, আব্দুর রশিদ এতিমখানার পাশে পাকা সড়কে পৌঁছালে রাসেল ধারালো অস্ত্র দিয়ে নিলয়ের মাথায় কোপ দেন। গুরুতর আহত নিলয়কে উদ্ধার করে গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ নাছির আহমেদ বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে এক যুবক নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত রাসেল পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।’

আরও পড়ুন

জঙ্গলে ঝুলছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

দুপুরে কালিয়াকৈরের গলাচিপা এলাকার একটি জঙ্গল থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা গাছের সঙ্গে মরদেহটি ঝুলতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তার পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।

কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’

নিখোঁজের তিন দিন পর শিশুর মরদেহ উদ্ধার

কাপাসিয়ায় নিখোঁজের তিন দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে পাঁচ বছরের শিশু জাহিদ হাসানের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সকাল ৮টার দিকে বাড়ি থেকে প্রায় ৪০০ মিটার দূরে নদীর একটি ঘাটে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

জাহিদ হাসান ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামের মিজানুর রহমানের ছেলে।

বংশাই নদীতে শিশুর মরদেহ

কালিয়াকৈরে বংশাই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর ছয় বছরের শিশু সাথী আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বড়ইতলী এলাকায় নদীতে ডুবে নিখোঁজ হয় সাথী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল ৫টা পর্যন্ত তল্লাশি চালায়। তবে তার সন্ধান মেলেনি।
সকালে নদীতে মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলমগীর কবির জানান, শুক্রবার দিনভর তল্লাশি চালিয়েও শিশুটির সন্ধান পাওয়া যায়নি।

ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

গাজীপুরের মৌচাক রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে আবু বকর নামে এক বাক্‌প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।

সকাল ১০টার দিকে জয়দেবপুর-ঢাকা রেলসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক আহমেদ জানান, নিহতের বাড়ি রেলস্টেশন এলাকায়। পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad