গাজীপুর প্রেস ক্লাবের নির্বাচন স্থগিতের ঘটনায় সরকারের বিরুদ্ধে মিথ্যাচার, ভোটারদের প্রভাবিত করতে অর্থ ছড়ানো এবং নির্বাচনে অনিয়মের অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক সমিতি, গাজীপুর জেলা শাখা। একই সঙ্গে দ্রুত সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবিতে মানববন্ধন করেছে সংগঠনটি।
শুক্রবার সন্ধ্যায় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাংবাদিক সমিতির মহাসচিব ও প্রেস ক্লাবের তত্ত্বাবধায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন।
মানববন্ধনে বক্তব্য দেন প্রেস ক্লাবের সদস্য অধ্যাপক আবুল হোসেন চৌধুরী, মাজহারুল ইসলাম কাঞ্চন, এম আসাদুজ্জামান সাদ, খোরশেদ আলম, গোলাম রসুল দিনার, হাফিজুর রহমান প্রমুখ।
সভাপতির বক্তব্যে দেলোয়ার অভিযোগ করেন, প্রেস ক্লাবের নির্বাচনে একজন প্রার্থী সাবেক মেয়র জাহাঙ্গীরের নাম ব্যবহার করে এবং অর্থ বিলিয়ে প্রকাশ্যে ভোট কেনার চেষ্টা করেছেন।
বিভিন্ন অনিয়মের বিষয়ে একাধিক প্রার্থী ও সাধারণ ভোটারের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করতে বাধ্য হয়েছে বলে দাবি করেন তিনি।
দেলোয়ার বলেন, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে ইতোমধ্যে কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই।
তিনি আরও অভিযোগ করেন, নির্বাচন স্থগিতের জন্য একজন প্রার্থী সরকারকে দায়ী করে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে তথ্য প্রচার করেছেন। ওই প্রার্থী মন্ত্রণালয়ের নির্দেশে নির্বাচন বন্ধ হয়েছে বলে দাবি করেছেন, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে মন্তব্য করেন দেলোয়ার হোসেন। এ ধরনের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
মানববন্ধন থেকে ভোটারদের প্রভাবিত করতে অর্থ ছড়ানোর অভিযোগসহ নির্বাচনের অনিয়মের নিরপেক্ষ তদন্ত এবং অবিলম্বে সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়।


