এশিয়ান গেমসে প্রথমবার অংশ নিয়েই বাংলাদেশের সার্ফিংয়ে আশার আলো দেখিয়েছেন ফাতেমা আক্তার ও মোহাম্মদ মান্নান। বাংলাদেশের সার্ফিংয়ের অভিষেকেই দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ফাতেমা ও মান্নান। জাপানের তাহারায় প্রতিযোগিতার প্রথম রাউন্ডে নারী বিভাগে ফাতেমা তৃতীয় এবং পুরুষ বিভাগে মান্নান দ্বিতীয় হয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন। এখন তাদের সামনে লক্ষ্য আরও এক ধাপ এগিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া।
প্রতিকূল আবহাওয়া ও ছোট ঢেউয়ের কারণে প্রতিযোগিতা কয়েক দফা বন্ধ থাকলেও শেষ পর্যন্ত নারী ও পুরুষ–দুই বিভাগেই বাংলাদেশের দুই প্রতিযোগী পরবর্তী ধাপে উঠেছেন। শনিবার দ্বিতীয় রাউন্ডে নামবেন তারা। লক্ষ্য কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া।
এর আগে, শুক্রবার সকাল ৭টায় নারী বিভাগের প্রতিযোগিতার মধ্য দিয়ে এশিয়ান গেমসে তাদের মাধ্যমে বাংলাদেশের সার্ফিংয়ের অভিষেক হয়। জাপানের তাহারায় দ্বিতীয় হিটে পানিতে নামেন বাংলাদেশের ফাতেমা আক্তার। তার সঙ্গে ছিলেন চীন ও ইন্দোনেশিয়ার দুই প্রতিযোগী। তিনজনের লড়াইয়ে ফাতেমা তৃতীয় হন।
তবে প্রতিযোগিতার শুরু থেকেই বাধা হয়ে দাঁড়ায় আবহাওয়া। অনুকূল ঢেউ না থাকায় কয়েক দফা প্রতিযোগিতা স্থগিত করা হয়। পরে বেলা ১২টা ৪৫ মিনিটে মেয়েদের প্রথম রাউন্ডের বাকি হিটগুলো আবার শুরু হয়। দুপুর ২টার আগেই শেষ হয় নারী বিভাগের প্রথম রাউন্ড। এরপর শুরু হয় পুরুষ বিভাগের প্রতিযোগিতা।
পুরুষ বিভাগের পঞ্চম হিটে পানিতে নামেন বাংলাদেশের মোহাম্মদ মান্নান। তার সঙ্গে ছিলেন আফগানিস্তান ও ইন্দোনেশিয়ার দুই সার্ফার। প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াই করে মান্নান দ্বিতীয় স্থান অর্জন করেন। এর মধ্য দিয়ে নিশ্চিত হয় তার দ্বিতীয় রাউন্ড।
বাংলাদেশ সার্ফিং দলের টিম কর্মকর্তা মো. সাইফুল্ল্যাহ সিফাত বলেন, এশিয়ান গেমসে প্রথমবার বাংলাদেশের সার্ফিংয়ের যাত্রা শুরু হয়েছে। প্রথম রাউন্ডে ফাতেমা তৃতীয় এবং মান্নান দ্বিতীয় হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। আবহাওয়া ও ঢেউয়ের পরিস্থিতির কারণে খেলা কয়েক দফা বন্ধ থাকলেও শেষ পর্যন্ত দুই বিভাগেই প্রথম রাউন্ড শেষ হয়েছে।
তিনি বলেন, শনিবার দ্বিতীয় রাউন্ডে ফাতেমা ও মান্নান দুজনই খেলবেন। আবহাওয়া ভালো থাকলে কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে তারা এগিয়ে যেতে চান।
প্রথম রাউন্ড পেরিয়ে উচ্ছ্বসিত মোহাম্মদ মান্নান বলেন, ‘আজকের হিটটা খুব ভালো গেছে। আমার সঙ্গে ইন্দোনেশিয়া ও আফগানিস্তানের প্রতিযোগী ছিলেন। তাদের সঙ্গে লড়াই করে আমি দ্বিতীয় হয়েছি। এতে খুব ভালো লাগছে। আশা করছি, ইনশাআল্লাহ সামনে আরও ভালো কিছু করতে পারব।’


