উখিয়া সীমান্তে সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা উদ্ধার

উখিয়া সীমান্তে সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা উদ্ধার
বিজিবির অভিযানে উদ্ধার করা ইয়াবা
Advertisement
Advertisement

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার পরিমান ৩ লাখ ৮০ হাজার পিস, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি ৪০ লাখ টাকা।

শুক্রবার ভোরে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে পালংখালী বিওপি’র সীমান্ত পিলার বিআরএম–১৮ থেকে প্রায় ৩ কিলোমিটার উত্তরে এবং বিওপি থেকে প্রায় ২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে কাটাখাল এলাকায় অবস্থান নেয় বিজিবির টহল দল।

ভোর সাড়ে ৩টার দিকে মায়ানমারের দিকে থেকে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা গেলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা হাতে থাকা দুটি বস্তা ফেলে দৌড়ে লোকালয়ের দিকে পালিয়ে যায়।

আরও পড়ুন

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তার ভেতরে খাকি রঙের বায়ুরোধী প্যাকেট থেকে ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, ‘পালিয়ে যাওয়া মাদককারবারিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সেখানে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

তিনি আরও বলেন, ‘বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সব সময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

বিজিবি সূত্র আরও জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে বিভিন্ন সফল অভিযান পরিচালনা করে আসছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর