সংঘাত আর বেশি দিন চলবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে হরমুজ প্রণালি আংশিক চালুর লক্ষ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ওমানের মধ্যে একটি অস্থায়ী সমঝোতা চূড়ান্ত হওয়ার পথে রয়েছে। তবে কূটনৈতিক আলোচনা স্থবির থাকায় দেশের ভেতরে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করেছে ইরান।
ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে বলে তিনি আশা করছেন। জ্বালানির উচ্চমূল্য নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা আর বেশি দিন এভাবে চলতে পারবে বলে আমি মনে করি না।’
হরমুজ প্রণালি পুনরায় চালুর লক্ষ্যে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে একটি প্রস্তাবিত কাঠামো চূড়ান্ত করার কাছাকাছি পৌঁছেছে ইরান ও ওমান। এ তথ্য জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। তবে তিনি সতর্ক করে বলেছেন, এই সমঝোতা কার্যকর হলেও প্রণালি স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে না। ইরান আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হওয়ার কথা অস্বীকার করেছে।
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনা অচল থাকায় ইরানজুড়ে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। রাজধানী তেহরানে নজরদারি বিশেষভাবে বাড়ানো হয়েছে।
এদিকে সৌদি আরব আশঙ্কা করছে, ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সহযোগিতায় ইরাকি মিলিশিয়ারা সমন্বিত একাধিক হামলা চালাতে পারে। সৌদি সরকারের এক কর্মকর্তা সিএনএনকে এ তথ্য জানিয়েছেন। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও বিস্তৃত হওয়ার শঙ্কার মধ্যেই ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিরা দাবি করেছে, তারা সৌদি সেনাদের বিরুদ্ধে ‘বৃহৎ পরিসরের’ সামরিক অভিযান চালিয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ নিয়েও আলোচনা চলছে। জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, পেন্টাগনের ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ার খবর প্রকাশ্যে আসায় ব্যক্তিগতভাবে অসন্তোষ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার অভিযোগ, এসব প্রতিবেদন আলোচনায় যুক্তরাষ্ট্রকে দুর্বল হিসেবে তুলে ধরছে। তবে প্রকাশ্যে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের কাছে ‘বিপুল পরিমাণ’ গোলাবারুদ রয়েছে।


